আন্তর্জাতিক
আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের
আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন ঘোষণার পাল্টা পদক্ষেপ হিসেবে তেহরান এ সিদ্ধান্ত নিয়েছে।
আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে তেহরান, জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
এপ্রিলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল আর্জেন্টিনা। তার জবাবে পাল্টা এ পদক্ষেপ নিল ইরান।
রয়টার্স লিখেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন মিত্র দেশগুলোকে আইআরজিসির বিরুদ্ধে অবস্থান নেওয়ার তাগিদ দেওয়ার পর বুয়েনস এইরেস ইরানের এই বিশেষ বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছিল।
কোনো বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “এটা স্পষ্ট যে এই সিদ্ধান্তের ফলে উদ্ভূত সব পরিণতির দায়ভার আর্জেন্টিনা সরকারের ওপরই বর্তাবে।”
তবে তেহরানের বিবৃতিতে আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীর কথা থাকলেও সেনাবাহিনীর কোনো উল্লেখ নেই।
আইআরজিসির ওপর নিষেধাজ্ঞার কারণ হিসেবে আর্জেন্টিনার বক্তব্য ছিল, ইরানের এই বাহিনী লেবাননভিত্তিক হিজবুল্লাহকে মদদ দিয়ে আসছে।
১৯৯৪ সালে বুয়েনস এইরেসের ‘এএমআইএ’ ইহুদি কমিউনিটি সেন্টারে চালানো প্রাণঘাতী বোমা হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে থাকে আর্জেন্টিনা।
দক্ষিণ আমেরিকার দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ওই হামলায় ৮৫ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছিলেন।
ইরানের শিয়া ধর্মীয় শাসনব্যবস্থার সুরক্ষায় গঠিত অভিজাত সামরিক বাহিনী আইআরজিসি দেশটির অর্থনীতির একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে থাকে।
বিজ্ঞাপন
Leaderboard: 728 × 90 px
এখানে আপনার বিজ্ঞাপন দিন

মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।