শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় আরও পাঁচটি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (১৫ নভেম্বর) সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় একটি কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকেরা সেখান থেকে সরে যান। এ ছাড়া মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকাতেও বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। শিল্প পুলিশ জানায়, গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। এর জেরে বিভিন্ন এলাকায় কারখানায় ছুটি ঘোষণা এবং কোথাও কোথাও উৎপাদন বন্ধ রাখা হয়েছে।২০০৬ সালের শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী, কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ, মৌচাক ও কোনাবাড়ী এলাকার মোট ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া মৌচাক, কোনাবাড়ী ও জরুন এলাকায় বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষের কারণে আরও পাঁচটি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুরে প্রায় ২ হাজার ১০০টি পোশাক কারখানা রয়েছে। বাকি কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।