ময়মনসিংহের ত্রিশালে লাইসেন্স ও নবায়ন ছাড়াই ফিস ফিড এবং পোল্ট্রি খাদ্য বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে পরিবেশ ছাড়পত্র ও ফায়ার লাইসেন্স দেখাতে না পারায় আবাসিক এলাকায় অবস্থিত একটি ফিড মিল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সাবা ফিস ফিডকে ২০ হাজার টাকা, বিসমিল্লাহ ট্রেডার্সকে ৩০ হাজার টাকা এবং এমিকা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলোর ফিস ফিড ও পোল্ট্রি খাদ্য বিক্রির প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং লাইসেন্স নবায়ন না করার বিষয়টি অভিযানে উঠে আসে। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজনীন সুলতানা উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম বলেন, লাইসেন্স ও নবায়ন না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আবাসিক এলাকায় অবস্থিত একটি ফিড মিলে পরিবেশ ছাড়পত্র ও ফায়ার লাইসেন্স দেখাতে না পারায় সেটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।