মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণের রায় নিয়ে আমরা নির্বাচিত হয়েছি এবং জনগণের কল্যাণেই কাজ করে যাব। দেশকে অস্থিতিশীল করতে যত অপশক্তিই চেষ্টা করুক না কেন, জনগণই সরকারের পক্ষে তাদের জবাব দেবে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নে বিভিন্ন উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের রায়কে সবাইকে শ্রদ্ধা জানাতে হবে। পাঁচ বছর পরপর জনগণ ভোট দেওয়ার সুযোগ পান। তাঁরা চান, নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক এবং নিজেদের প্রতিনিধি নিজেরাই নির্বাচিত করুন। সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের বিরুদ্ধে যাঁরা ষড়যন্ত্র করছেন, জনগণ মনে করে ষড়যন্ত্রটি তাঁদের বিরুদ্ধেই করা হচ্ছে। তাই ঐক্যবদ্ধভাবে জনগণ এসব ষড়যন্ত্র রুখে দেবে। এর আগে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নে ‘টাঙ্গাইল-চারাবাড়ী-তোরাবগঞ্জ গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট মেরামত ও সংরক্ষণ প্রকল্প’-এর আওতায় বিভিন্ন উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব কাজ বাস্তবায়ন করছে। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভিন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।