সারাদেশ
হালুয়াঘাট থানায় আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র
ময়মনসিংহের হালুয়াঘাট থানার ভেতরে আগুনে পুড়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র। গভীর রাতে থানার সেরেস্তা কক্ষে লাগা এ আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। তবে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ার ঘটনায় নাশকতার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে জেলা পুলিশ ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম এসব তথ্য জানান। তিনি বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই ঘটনায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকেও পৃথক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার গভীর রাতে থানার ভেতরে অবস্থিত সেরেস্তা কক্ষে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা নাশকতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা ক্ষতিগ্রস্ত কক্ষ ঘুরে দেখেন এবং আগুনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
হালুয়াঘাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান খন্দকার বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, খবর পেয়ে সিআইডির একটি দলসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিআইডির সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
বিজ্ঞাপন
Leaderboard: 728 × 90 px
এখানে আপনার বিজ্ঞাপন দিন



মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।