প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এদিন রয়টার্স এক প্রতিবেদনে জানায়, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। এজন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চেয়েছেন তিনি। এরপরই এ সম্পর্কিত প্রশ্নে প্রতিক্রিয়া জানালেন প্রতিমন্ত্রী। হুমায়ুন কবির বলেন, অর্থের বিনিময়ে বা পয়সা দিয়ে বিভিন্ন ধরনের লেখা প্রকাশ করানো যেতে পারে। তবে বাস্তবতা ও প্রত্যাশা এক বিষয় নয়। এ দুটির মধ্যে পার্থক্য বুঝতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরে আসতে দেওয়া হবে না। কারও আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু স্বপ্ন আর বাস্তবতা এক নয়। শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি আরও বলেন, তিনি সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তাকে দেশে ফিরিয়ে আনতে হলে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়েই আনতে হবে। বাংলাদেশের মানুষের কাছে সন্ত্রাসী বলতে আওয়ামী লীগকে বোঝায় দাবি করে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী টেররিজমই এখন সন্ত্রাসের প্রতীক। শেখ হাসিনা দিল্লি থেকে এই কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতা করছেন। বিষয়টি দেশের মানুষের কাছে স্পষ্ট। জয় বাংলা এখন পালিয়ে যাওয়ার স্লোগানে প‌রিণত হয়ে‌ছে মন্তব‌্য ক‌রে হুমায়ুন ক‌বির ব‌লেন, জয় বাংলা এখন পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে। মানে জয় বাংলা বললেই মনে হয় কেউ দৌড়ে পালাচ্ছে। আমরা মুসলমানরা মারা যাওয়ার আগে কলিমা পড়ার চেষ্টা করি। এরা জয় বাংলা বলে মরে যায়। এটা তাদের এখন পালানোর আর মরার স্লোগান। দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সরকার আত্মবিশ্বাসী। জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় জনগণের কাছে সরকারের শক্ত অবস্থান রয়েছে। জনগণের আস্থা নিয়েই সরকার বর্তমান পরিস্থিতি মোকাবিলা করছে। তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের সমর্থকদের বিভিন্ন কর্মকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হলেও মানুষ আতঙ্কিত হচ্ছে না। বরং যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তারাই আতঙ্কিত হচ্ছে। হুমায়ুন কবির বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ পরিবর্তন চেয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের কোনো গ্রহণযোগ্যতা নেই। এসব ঘটনায় জড়িতদের সাধারণ মানুষ ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে বলে তিনি মনে করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সরকারের অবস্থান আরও কঠোর হবে কি না- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে সরকারের অবস্থান অত্যন্ত দৃঢ় থাকবে। আওয়ামী লীগের পক্ষ থেকে যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।