জাতীয়
ষড়যন্ত্রে জড়িত পুলিশ সদস্যদের নজরদারিতে রেখেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যদের নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রমাণ মিললে নেওয়া হবে ব্যবস্থা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
পুলিশের কিছু কর্মকর্তার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা ও ষড়যন্ত্রে জড়িত থাকার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক সংশ্লিষ্টতা পরিহার করে জনসেবায় নিয়োজিত থাকার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল। এরপরও কেউ ষড়যন্ত্রে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রয়েছে এবং তাঁরা কারাগারে আছেন। পাশাপাশি বিভাগীয় মামলাও করা হয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পরিপ্রেক্ষিতে বাড়তি সতর্কতা নেওয়া হবে কি না, জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত দায়িত্বের অংশ হিসেবেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেকোনো কর্মসূচি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে নভেম্বর, ডিসেম্বর কিংবা ১৬ ডিসেম্বরের কথা বলা হলেও সরকার এসব নিয়ে উদ্বিগ্ন নয় বলে জানান তিনি।
সরকার কোনো চাপ অনুভব করছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কীসের চাপ?’ তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা বাহিনীগুলোর নিয়মিত দায়িত্ব। শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে রাজনৈতিক ষড়যন্ত্রের চেষ্টা হয়েছিল বলেও দাবি করেন তিনি। তবে প্রকৃত শ্রমিকেরা এতে জড়িত নন বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য, মালিক ও শ্রমিক পক্ষের আলোচনার মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে মজুরি বোর্ড।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দলটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেছে। রাজনৈতিক দল হিসেবে তাদের কোনো স্বীকৃতি নেই বলেও মন্তব্য করেন তিনি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মধ্য দিয়ে দলটির পতন হয়েছে বলে দাবি করেন সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, গণহত্যা ও দমন-পীড়নের সঙ্গে জড়িত ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না।
শেখ হাসিনা ও দলটির নেতাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দেশ আইন অনুযায়ী বিষয়টি পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর আওয়ামী লীগের কেউ দেশে ফিরতে চায় কি না, জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি দেখার আছে। সীমান্তের ওপারে বিভিন্ন এলাকায় দলটির কয়েকজন পলাতক নেতা অবস্থান করছেন বলে তিনি শুনেছেন। তাঁদের কেউ কেউ দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতাদের নির্দেশনা দিচ্ছেন বলেও দাবি করেন তিনি।
আওয়ামী লীগের পক্ষ থেকে মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচির ঘোষণার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ এ ধরনের কর্মকাণ্ড করতে দেবে না বলে তিনি মনে করেন। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।
বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের বিষয়ে তিনি বলেন, এটি নিয়মিত কার্যক্রমের অংশ। পুলিশের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য কর্মসূচি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।
সাম্প্রতিক পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। এতে কোনো প্রাণহানি বা সহিংসতার ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, পতিত আওয়ামী লীগ অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে।
ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ উগ্রবাদী বা ধ্বংসাত্মক তৎপরতা চালালে, জ্বালাও-পোড়াও করলে কিংবা জনগণের জীবন ও সম্পদের ক্ষতি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গোপালগঞ্জের পরিস্থিতি এবং আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি আইনানুগ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত। সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া শুরুর জন্য তদন্তের সুযোগ তৈরি হয়েছিল। সেই তদন্ত চলছে এবং শেষ পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধসহ নির্দিষ্ট অপরাধে জড়িত ব্যক্তি বা সংগঠনকে বিচারের আওতায় আনা যায়। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল ও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হলে আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। আদালতের রায়ের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
Leaderboard: 728 × 90 px
এখানে আপনার বিজ্ঞাপন দিন



মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।