বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- এর ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মী কর্তৃক হামলার অপচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এক বিবৃতিতে মাননীয় উপাচার্য বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক নেতার বাসভবনে হামলার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কাপুরুষোচিত সহিংস কর্মকাণ্ড গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিপন্থী। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের চলমান অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা এই নির্লজ্জ তৎপরতা চালায়। রাজনৈতিক সহিংসতা ও ভীতিকর পরিবেশ সৃষ্টির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের স্থিতিশীলতাকে তারা বাধাগ্রস্ত করতে চায়। কোনো ধরনের উস্কানি, সহিংসতা কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ডের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের অপচেষ্টাকে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না। উপাচার্য এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। সহিংসতা, উস্কানি ও নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র ও সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।