অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম বন্দরকে ঘিরে শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশের অর্থনীতি আবর্তিত হচ্ছে। এখন সরকার চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে চায়। এ জন্য বন্দর পরিচালনায় বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো হচ্ছে, যাতে বৈশ্বিক মানের দক্ষতা নিশ্চিত করা যায়।’ শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ডে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে বন্দর, বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর ও জ্বালানি অবকাঠামো উন্নয়নে বড় পরিকল্পনা নিয়েছে সরকার। এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা হবে।’ চট্টগ্রামের সম্ভাবনা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামের জন্য এটা যথেষ্ট নয়। আমাদের আরও বড় আকারে চিন্তা করতে হবে। চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী শব্দটা আমি ব্যবহার করতে চাই না। চট্টগ্রামের সম্ভাবনা এর চেয়েও অনেক বেশি। প্রধানমন্ত্রীও চট্টগ্রামের সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগানোর কথা বলেছেন। বিমানবন্দর উন্নয়নের বিষয়ে আমির খসরু বলেন, ‘চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এডিবির সঙ্গে কার্যক্রম শেষ হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে। সেখানে কার্গো ভিলেজ, কোল্ড চেইন সংরক্ষণাগার ও আধুনিক লজিস্টিক সুবিধা গড়ে তোলা হবে। দুবাইয়ের জেবেল আলী ফ্রি পোর্টের আদলে ২০০ থেকে ৩০০ একর জায়গায় ওয়্যারহাউস নির্মাণের পরিকল্পনাও রয়েছে।’ গভীর সমুদ্রবন্দর প্রসঙ্গে তিনি বলেন, নদীবন্দর হিসেবে চট্টগ্রাম বন্দরের সীমাবদ্ধতা কাটাতে মহেশখালী ও খুলনায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে ১৫ থেকে ২০ মিটার ড্রাফটের জাহাজ চলাচলের সুযোগ থাকবে। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দুটি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল আনা হচ্ছে। মহেশখালীতে কোরীয় ও জাপানি কোম্পানি স্থলভিত্তিক গ্যাস অবকাঠামো নিয়ে কাজ করছে। এসব উদ্যোগ বাস্তবায়নে আরও দুই বছর সময় লাগবে। দেশের অর্থনৈতিক সংকট তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘অনেকে বলছেন, কালকে সমাধান হয়ে যাবে, পরশু সমাধান হয়ে যাবে। এ কথা বলা ঠিক হবে না। বিগত সরকারগুলোর দুর্নীতির কারণে বড় ঋণের বোঝা তৈরি হয়েছে। ব্যাংকিং খাত ও শেয়ারবাজার ঠিক করতে হচ্ছে। এরমধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে উচ্চমূল্যে জ্বালানি কিনতে হচ্ছে। এরপরও আমরা সাহস করে বড় পরিকল্পনা হাতে নিয়েছি।’ তিনি বলেন, ‘ভালো ও লাভজনক প্রকল্প নেওয়া গেলে অর্থায়নের সমস্যা হয় না। এ ভিত্তিতেই সরকারের উন্নয়ন পরিকল্পনা চলছে। জাপান ও কোরিয়াসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে আসছেন। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।’ ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমির খসরু বলেন, অর্থনৈতিক উন্নয়নের দায়িত্ব শুধু সরকারের নয়, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। অর্থনৈতিক অগ্রগতিতে বাধা সৃষ্টিকারীদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।’ তিনি বলেন, ‘শুধু রাজনৈতিক গণতন্ত্রের মাধ্যমে কোনো দেশ এগোতে পারে না, অর্থনীতিকেও গণতান্ত্রিক করতে হবে। যাতে প্রতিটি মানুষ অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে এবং উন্নয়নের সুফল ভোগ করতে পারে।’ চট্টগ্রামের উন্নয়নের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন জড়িত উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর পূর্ণ সমর্থনে চট্টগ্রামের সম্ভাবনা কাজে লাগানোর পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে এডিবির সঙ্গে ৮০ বিলিয়ন ডলারের ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হয়েছে। চট্টগ্রামের লজিস্টিক সেন্টার, বিমানবন্দর ও হেলথ সিটি প্রকল্পে এডিবির সমর্থন রয়েছে। বিশ্বব্যাংক, আইএমএফ, জাইকা, কোরিয়া ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকও উন্নয়ন অর্থায়নে যুক্ত হবে।’মেলায় ৩০০টির বেশি প্রতিষ্ঠান: এবারের মেলায় ২০টি প্যাভিলিয়ন ও ২১৬টি স্টলে ৩০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের উদ্যোক্তারাও রয়েছেন। প্রায় চার লাখ বর্গফুট জায়গাজুড়ে আয়োজিত মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। প্রবেশ টিকিটের মূল্য ৩০ টাকা। দর্শনার্থীদের জন্য ফুড জোন, শিশুদের দুটি প্লে জোন, নামাজের স্থান, উন্নত টয়লেট ও মেডিকেল ক্যাম্প থাকবে। নিরাপত্তায় পুলিশ, বেসরকারি নিরাপত্তাকর্মী ও গোয়েন্দা সংস্থা দায়িত্ব পালন করবে। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিস প্রস্তুত থাকবে। মেলা চলাকালে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের আমন্ত্রণ জানাবে চেম্বার। সেরা প্যাভিলিয়ন, স্টল ও দেশীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে পদক ও সনদ দেওয়া হবে। কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে বিনা মূল্যে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে সংবাদ সম্মেলনে চেম্বার সভাপতি আমিরুল হক বলেন, মেলার আয়োজন করতে ছয় থেকে আট মাস সময় প্রয়োজন হয়। মাঠ বরাদ্দ ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততায় সময় লাগে। আগামী ফেব্রুয়ারিতে রমজান শুরু হওয়ায় ডিসেম্বরের মধ্যেই মেলা শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ১৯৯৩ সাল থেকে দেশীয় পণ্যের প্রচার ও প্রসারে চট্টগ্রাম চেম্বার এ মেলার আয়োজন করে আসছে। তবে গত দুই বছর মেলা অনুষ্ঠিত হয়নি। আয়োজকদের আশা, বৃহত্তর চট্টগ্রামের বিপুলসংখ্যক দর্শনার্থী এবারের মেলায় আসবেন। দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন- চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বেলায়েত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।