বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ অবৈধভাবে বাংলাদেশে আনুপ্রবেশের চেষ্টা করছে। দেশে অরাজকতা, নাশকতা ও অস্থিতিশীল করার ষড়যন্ত্রের চেষ্টা সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে। সীমান্তবর্তী জনপদকে কোনোভাবেই নাশকতার ক্ষেত্র হতে দেওয়া হবে না। শুক্রবার (২০ নভেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাটে সীমান্তবর্তী ভূবনকুড়া ইউনিয়নের তেলিখালি ও মাজরাকুড়া বাজারে পৃথক দুটি পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি হালুয়াঘাট বাজার থেকে ভুবনকুড়ার তেলিখালি পর্যন্ত ১৩ কিলোমিটার সীমান্ত সড়কে মোটরসাইকেল মিছিলের নেতৃত্ব দেন। প্রিন্স বলেন, বাংলাদেশের জনগণ দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও রক্তের বিনিময়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছে। জনগণের সেই অর্জনকে নস্যাৎ করতে কেউ যদি দেশের বাইরে থেকে উসকানি দিয়ে দেশের ভেতরে অরাজকতা সৃষ্টি এবং সীমান্তে অস্থিরতা তৈরির অপচেষ্টা করে তাহলে রাষ্ট্রদ্রোহী তৎপরতা হিসেবে বিবেচিত হবে। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ ভারতের মাটিতে অবস্থান করছে। সেখান থেকে বাংলাদেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অভিযোগের বিষয়ে ভারত সরকারের দৃশ্যমান অবস্থান ও কার্যকর পদক্ষেপ না থাকার বিষয়টি উদ্বেগজনক। তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করতে চাই না, ভারত সরকার তাদের দেশে পালিয়ে থাকা হত্যা, গুম, খুনের মামলার আসামি ও লুটেরা, দুর্নীতিবাজ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো তৎপরতায় প্রশ্রয় দিচ্ছে। আমরা আশা করি, ভারত সরকার এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করবে এবং তাদের ভূখণ্ড বাংলাদেশের বিরুদ্ধে কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে দেবে না। যারা দেশের বাইরে অবস্থান করে দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার ষড়যন্ত্র করছে, তাদের ক্ষমা নেই। বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান এবং নাশকতার পরিকল্পনার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বিএনপির স্থানীয় নেতাকর্মী ও জনগণকে এসব অপরাধের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে। সীমান্তে সতর্কতা চাই, আতঙ্ক নয়; নিরাপত্তা চাই, অরাজকতা নয়। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় কোনো আপস করা হবে না।