স্বাস্থ্য
যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলাই কাল হলো তিথীর (৩০)। এ নিয়ে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির জেরে তাকে খাটের সঙ্গে বেঁধে বাম হাতের কব্জি ধারালো দা দিয়ে কেটে বিচ্ছিন্ন করে দিয়েছেন স্বামী। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান চিকিৎসকরা।
রবিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। আহত তিথী ওই বাড়ির ভাড়াটিয়া। তার স্বামী বিল্লাল হোসেন (৪০) নড়াইল সদর থানার মিরাপাড়া এলাকার মৃত পাঞ্জা মিয়ার ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার রাতে মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন তিথী। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বিল্লাল খাটের সঙ্গে দড়ি দিয়ে তিথীর দুই হাত বেঁধে ফেলেন। এরপর ধারালো দা দিয়ে বাম হাতের কব্জিতে কোপ দিলে তা বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্বামীই রাত ১২টা ১০ মিনিটের দিকে তিথীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মহিলা সার্জারি ওয়ার্ডে পাঠান। অবস্থার আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এরপর স্বামী ও তার মা অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক বলেন, তিথীর বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করে মহিলা সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) বদরুজ্জামান মোল্লা বলেন, স্বামী ক্ষুব্ধ হয়ে স্ত্রীর হাতের কব্জি কেটে দিয়েছেন বলে শুনেছেন। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
Leaderboard: 728 × 90 px
এখানে আপনার বিজ্ঞাপন দিন



মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।