রাজনীতি
আওয়ামী লীগকে ‘চিরতরে ধ্বংসের’ মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
তিনি বলেছেন, নির্বাচিত সরকারের গণতান্ত্রিক অগ্রযাত্রা ‘বাধাগ্রস্ত করতে’ বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের নির্দেশনা দিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি। পলাতক শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন ‘সন্ত্রাসী গোষ্ঠীকে’ আবারও মোকাবিলা করতে হবে। তাদের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো’ রুখে দিতে হবে।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধ দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এ মন্তব্য করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইশরাক হোসেন বলেন, ‘‘আমরা ভেবেছিলাম, ২০২৪ সালের ৫ অগাস্টের পর বাংলাদেশের ভবিষ্যতের একটি নতুন দ্বার উন্মোচিত হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে, বাংলাদেশ এগিয়ে যাবে, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।
“তবে আমরা যারা কিছুটা রাজনৈতিক সচেতন, তারা মনে-প্রাণে বুঝতাম, একটা সময় গিয়ে এই সন্ত্রাসী গোষ্ঠীকে আমাদের আবারও মোকাবিলা করতে হবে এবং তাদের চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যমেই আসলে বাংলাদেশ মুক্তি পাবে।”
গোপালগঞ্জে হাসপাতালে হামলার প্রসঙ্গ টেনে ইশরাক বলেন, যুদ্ধ চলমান থাকা দেশগুলোতেও পরিকল্পিতভাবে হাসপাতালে হামলা করা যায় না। আন্তর্জাতিক জেনিভা কনভেনশন অনুযায়ী এ ধরনের হামলা যুদ্ধাপরাধের শামিল। অথচ গোপালগঞ্জে সন্ত্রাসীরা স্লোগান দিয়ে হাতে আগুন নিয়ে হাসপাতালে হামলা চালিয়েছে। সেখানে চিকিৎসাধীন নিরীহ মানুষ ছিলেন।
ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, ৩০ দিনই আমরা কর্মসূচির মাধ্যমে রাজপথে অবস্থান করব। এলাকায় এলাকায় অবস্থান করব।
মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি নয় মন্তব্য করেন সাবেক প্রতিমন্ত্রী ইশরাক বলেন, “এটি আপামর বাংলাদেশের জনগণের অর্জন। শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে ব্যবহার করে জনগণের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছেন।”
ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের প্রজন্মের দায়িত্ব হলো মুক্তিযুদ্ধের গায়ে লেপে দেওয়া সেই কলঙ্ক মুছে ফেলা। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় যেকোনো দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রজন্ম রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।
মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
বিজ্ঞাপন
Leaderboard: 728 × 90 px
এখানে আপনার বিজ্ঞাপন দিন



মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।