জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের আয়োজনে বিশ্ব দর্শন দিবস- ২০২৬ বর্ণাঢ্যভাবে উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘যখন পৃথিবীতে সভ্যতার বিকাশ ঘটে তখন থেকেই দর্শনের যাত্রা শুরু। আবার আমাদের পড়াশোনার সর্বশেষ ডিগ্রীও ‘ডক্টর অব ফিলোসফি’। সুতরাং জ্ঞানের শুরু ও শেষ দুইটিই দর্শন দিয়ে। এ থেকেই দর্শনের গুরুত্ব অনুধাবন করা যায়। দর্শন বিষয়ে গুণী ব্যক্তিদের এমন আলোচনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অগ্রগতিতে ব্যাপক ভূমিকা রাখতে পারে।’ আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘কোন গুরুত্বপূর্ণ বিষয় যখন তার গুরুত্ব হারিয়ে ফেলতে বসে তখন জাতিসংঘ একটি দিবস ঘোষণা করে গুরুত্ব ফিরিয়ে আনার জন্য। সুতরাং বোঝা যাচ্ছে দর্শনের মতো গুরুত্বপূর্ণ বিষয় আজ বিশ্বে গুরুত্ব কমে যাচ্ছে বিধায় ইউনেস্কো বিশ্ব দর্শন দিবস ঘোষণা করেছে।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. তারিফুল ইসলাম। ‘প্রাতিষ্ঠানিক অন্যায্যতা ও আমাদের মানসিক সংকট: সমাজে দর্শনচর্চার প্রাসঙ্গিকতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন দর্শন বিভাগের প্রভাষক মো. খাইরুল ইসলাম এবং আলোচক হিসেবে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ দাউদ খাঁন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শন বিভাগের প্রভাষক শায়লা ইসলাম নীপা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় ও দপ্তর প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভার এক পর্যায়ে বিশ্ব দর্শন দিবস- ২০২৬ উপলক্ষ্যে দর্শন বিভাগের প্রভাষক শায়লা ইসলাম নীপা সম্পাদিত ‘বিশ্ব দর্শন দিবস স্মরণিকা- ২০২৬’ এর মোড়ক উম্মোচন করা হয়। এছাড়া দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে নতুন কলা ভবনের সামনে পায়রা অবমুক্তকরণ ও কেক কাটেন অতিথিবৃন্দ। পরে নতুন কলা ভবনের সামনে থেকে আনন্দ র‌্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।