গোপালগঞ্জে সহিংসতার ঘটনার পর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার জেলার বিভিন্ন স্থানে পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। জেলার পরিস্থিতি শান্ত থাকলেও আগের দিনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানিয়েছেন, যারা সহিংস ঘটনায় জড়িত কেবল তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিরীহ জনগণ যাতে হয়রানির শিকার না হয় তার দিকে খেয়াল রাখা হবে বলে। তিনি আরও জানান, গোপালগঞ্জ একটি শান্ত জেলা। কিন্তু কিছু মানুষ পরিস্থিতি অশান্ত করতে চায়। এর আগে, গতকাল মঙ্গলবার ধর্মঘট পালনের ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল বের হয়। এতে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে বিকালেই গোপালগঞ্জে পুলিশের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।