সারাদেশ
পিকনিকের নামে ‘নাশকতার পরিকল্পনা’, আওয়ামী লীগ নেতাসহ আটক ১৯
জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে পিকনিকের আয়োজন করে জড়ো হয়েছিলেন কয়েকজন ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। তবে আটক ব্যক্তিদের স্বজনদের দাবি, তারা কোনো নাশকতার পরিকল্পনায় যুক্ত ছিলেন না, বরং পিকনিক করতে সেখানে গিয়েছিলেন।
জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে পিকনিকের আয়োজন করে নাশকতার পরিকল্পনার সময় পৌর আওয়ামী লীগের সভাপতিসহ ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।
তবে আসামিদের স্বজনদের দাবি, তাঁরা কোনো নাশকতার পরিকল্পনা করতে নয়, পিকনিক করতে সেখানে গিয়েছিলেন।
আটক ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ আক্কেলপুর পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আরাফাত হোসেন (সঞ্জু), পৌর যুবলীগের দপ্তর সম্পাদক নাসিমুজ্জামান রকেট ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন রয়েছেন। এ ছাড়া আসামিদের মধ্যে একজন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, একজন কলেজের কম্পিউটার অপারেটর ও একজন কলেজের প্রহরী রয়েছেন। এ ঘটনায় ৯টি মোটরসাইকেল ও ৮টি মুঠোফোন জব্দ করেছে পুলিশ।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ তালুকদার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারায় মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে আক্কেলপুর পৌরসভার পশ্চিম বিহারপুর গ্রামের একটি বাড়িতে জড়ো হয়েছেন। তাঁরা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছেন বলে পুলিশের কাছে তথ্য আসে।
পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রাত ১০টা ৩৫ মিনিটের দিকে পুলিশ সেখানে পৌঁছালে জড়ো হওয়া ব্যক্তিরা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ১৯ জনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০ থেকে ২৫ জন পালিয়ে যান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে ১৯ জনের নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে ৬ নম্বর আসামি নাসির উদ্দীন বকুল নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। ৮ নম্বর আসামি হারুনুর রশিদ জনি আক্কেলপুর এমআর ডিগ্রি সরকারি কলেজের কম্পিউটার অপারেটর। আরেক আসামি জাকির হোসেন একই কলেজের প্রহরী।
তবে আসামিদের স্বজনদের দাবি, তাঁরা কোনো রাজনৈতিক বা নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নিতে নয়, পিকনিক করতে সেখানে গিয়েছিলেন। আক্কেলপুর সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুহা. মুবারক হোসাইন বলেন, ‘আমার ছেলে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। ছুটিতে বাড়িতে এসে এক বন্ধুর সঙ্গে পিকনিক খেতে গিয়েছিল। পুলিশ তাদের সবাইকে আটক করে নাশকতার মামলা দিয়েছে।’
আরেক আসামি নাজমুল হোসেন নান্টু সাংসারিক কাজকর্ম করেন। তাঁর মা নার্গিস বেগম বলেন, ‘আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। সে পিকনিক খেতে গিয়েছিল।’
মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে ৯টি মোটরসাইকেল ও ৮টি মুঠোফোন জব্দ করা হয়েছে। জব্দ করা মোটরসাইকেলের মধ্যে রয়েছে হোন্ডা সিবি শাইন এসপি, হিরো হোন্ডা এক্সট্রিম, বাজাজ পালসার, হিরো হোন্ডা সিবি ট্রিগার ও সুজুকি জিক্সার মডেলের মোটরসাইকেল। পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা মালামালের তালিকা তৈরি করা হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, আসামিরা সবাই এক জায়গায় জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। পুলিশ খবর পেয়ে তাঁদের গ্রেপ্তার করেছে। থানার হাজতে জায়গা না হওয়ায় রাতেই আসামিদের জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়েছে।
জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু শাহিন কাদির বলেন, আক্কেলপুরের ১৯ আসামিকে রাতেই জয়পুরহাট সদর থানার হাজতে রাখা হয়েছে। আজ বুধবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়।
বিজ্ঞাপন
Leaderboard: 728 × 90 px
এখানে আপনার বিজ্ঞাপন দিন



মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।