রাজনীতি
সিলেটে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ গ্রেফতার ৪
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কক্সবাজারের সাবেক সংসদ আব্দুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে নগরের জল্লারপাড়স্থ একটি হোটেলে অভিযান চালিয়ে বুধবার ভোররাত ৫টার দিকে ওই চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
জানা গেছে, জল্লারপাড় এলাকার একটি হোটেলে নিষিদ্ধ যুবলীগের শীর্ষ কয়েকজন নেতা অবস্থান করছেন এমন খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কোতোয়ালি থানা ও ডিবি পুলিশ অভিযান চালায়। খবর পেয়ে ছাত্রদল ও যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরাও হোটেলটির নিচে অবস্থান নেন।
অভিযান শেষে বুধবার ভোররাত ৫টার দিকে ওই চারজনকে গ্রেফতার করে কোতোয়ালি থানায় নিয়ে যায়।
হোটেল কর্তৃপক্ষ জানায়, সিলেট ভ্রমণের কথা বলে গ্রেফতারকৃতরা মঙ্গলবার সকালে হোটেলটিতে উঠেছিলেন।
অভিযান শেষে সিলেটে মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, তাদের কাছে গোপন সংবাদ ছিলো এই হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন অবস্থান করছেন। এই খবরের ভিত্তিতেই রাত ১২টা থেকে হোটেলটিকে ঘিরে রাখা হয়। পরবর্তীতে পুরো হোটেলে তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফসহ বিভিন্ন থানায় মামলা আছে। এসব মামলার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
Leaderboard: 728 × 90 px
এখানে আপনার বিজ্ঞাপন দিন



মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।