স্বাস্থ্য
আন্তর্জাতিক মানের পরীক্ষাগার ও নিরাপদ খাদ্য নিশ্চিতের তাগিদ খাদ্যমন্ত্রীর
রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক মানের পরীক্ষাগার গড়ে তোলার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, রপ্তানির জন্য মানসম্মত পণ্য উৎপাদন করে দেশের বাজারে নিম্নমানের পণ্য সরবরাহ করার সুযোগ নেই। বিশেষ করে শিশুদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের দায়িত্বশীল হতে হবে।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ পরীক্ষাগার সমিতি আয়োজিত ‘মেড ইন বাংলাদেশ, টেস্টেড টু গ্লোবাল স্ট্যান্ডার্ডস: দ্য রোল অব অ্যাক্রেডিটেড ল্যাবরেটরিজ ইন এক্সপোর্ট গ্রোথ’ শীর্ষক সেমিনারে খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য নিরাপদ না হলে মানুষের স্বাস্থ্য নিরাপদ থাকবে না। আর মানুষ সুস্থ না থাকলে ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনাও টেকসই হবে না।
তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু খাদ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয়। এ জন্য কৃষি, বাণিজ্যসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, প্রতিষ্ঠান ও অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
খাদ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। ২০১৩ সালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম শুরু হলেও নানা সীমাবদ্ধতার কারণে প্রতিষ্ঠানটি প্রত্যাশিত সক্ষমতা অর্জন করতে পারেনি। বর্তমান সরকার প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর ও শক্তিশালী করতে উদ্যোগ নিয়েছে।
তিন বছরে তিন পরীক্ষাগার চালুর পরিকল্পনা
খাদ্যপণ্যের মান যাচাইয়ে পরীক্ষার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আফরোজা খানম বলেন, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার অর্থায়নে ঢাকা, খুলনা ও চট্টগ্রামে তিনটি পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার পরীক্ষাগারটি আশুলিয়া এবং চট্টগ্রামেরটি হালিশহরে স্থাপনের পরিকল্পনা রয়েছে।
আগামী তিন বছরের মধ্যে পরীক্ষাগারগুলো পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হলে খাদ্য পরীক্ষার জন্য অন্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা কমবে। একই সঙ্গে দ্রুত পরীক্ষার ফলাফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী বলেন, বিদ্যমান পরীক্ষাগারগুলোর সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক রপ্তানি বাজারের চাহিদা অনুযায়ী কীটনাশকের অবশিষ্টাংশ, রাসায়নিক উপাদান, ভারী ধাতু, ছত্রাকজাত বিষাক্ত পদার্থ ও অণুজীব পরীক্ষার সক্ষমতা বাড়ানো জরুরি।
পরীক্ষার প্রতিবেদন ও সনদে অনিয়ম বরদাশত নয়
খাদ্যপণ্যের পরীক্ষার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ও প্রাতিষ্ঠানিক জটিলতা কমানোর তাগিদ দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, নথি প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত গ্রহণে অতিরিক্ত সময় লাগায় ব্যবসায়ীরা সমস্যায় পড়েন। সরকারি সেবার সময়সীমা কমিয়ে এসব জটিলতা দূর করতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, একই পণ্য বিভিন্ন প্রতিষ্ঠানে বারবার পরীক্ষা করানোর কারণে ব্যবসায়ীদের সময় ও অর্থের অপচয় হয়। সরকারি-বেসরকারি পরীক্ষাগার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ও পরীক্ষণ প্রতিষ্ঠান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে এ ধরনের পুনরাবৃত্তি কমাতে হবে।
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সততা, জবাবদিহি ও নৈতিকতার ওপর জোর দিয়ে তিনি বলেন, অর্থের বিনিময়ে পরীক্ষার প্রতিবেদন প্রভাবিত করা কিংবা অনৈতিকভাবে সনদ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খাদ্যে ভেজাল ও অনিয়ম প্রতিরোধে কার্যকর আইন প্রয়োগের পাশাপাশি অপরাধের জন্য কঠোর ও বাস্তবসম্মত শাস্তির ব্যবস্থা থাকতে হবে।
খাদ্যমন্ত্রী জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাণিজ্য, কৃষিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রতিষ্ঠান ও অংশীজনদের নিয়ে ধারাবাহিক আলোচনা এবং সমন্বিত পরিকল্পনার ভিত্তিতে আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। সংশ্লিষ্টদের প্রস্তাব যাচাই-বাছাই করে দেশের স্বার্থে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক নোমান ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহসান হাবীব।
সেমিনারে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে খাদ্যমন্ত্রী সেমিনারস্থলের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
বিজ্ঞাপন
Leaderboard: 728 × 90 px
এখানে আপনার বিজ্ঞাপন দিন



মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।