নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
৩১ আগষ্ট সকাল ১০ টায় সারাদেশে এক যোগে অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রধান মন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০টায় ত্রিশাল উপজেলা পরিষদের প্রয়াত রাশেদুল ইসলাম কনফারেন্স হলে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান মৃর্ধা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার শাহানা আক্তারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সরকারী নজরুল একাডেমীর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক, নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জাসাস ত্রিশাল উপজেলা শাখার সভাপতি শিহাব,ত্রিশাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুজ্জামান রানা প্রমুখ।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান জানান নজরুল বর্ষ উপলক্ষ্যে ২ সেপ্টেম্বর হতে শুরু হওয়া শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুল সঙ্গীত, নিত্য অভিনয়, আবৃতি, চিত্রাংকন প্রতিযোগিতায় যারা উপজেলায় বিজয়ী হবেন সেই সব বিজয়ীরা জেলায় অংশগ্রহন করবেন, প্রতিযোগিতায় জেলায় যারা বিজয়ী হবেন তারা বিভাগে অংশ নিবেন বিভাগে বিজয়ী হলে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিবেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশালে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে নজরুলের সাহিত্য, সংস্কৃতি ও সৃষ্টিশীলতার চর্চা আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।