দেশে বর্তমানে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুদের চেয়েও বেশি খাদ্যশস্য মজুদ রয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলীয় সংসদ সদস্য মো. মশিউর রহমান খানের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী জানান, ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত সরকারি খাদ্য গুদামে মোট ২৪ লাখ ৩৭ হাজার ৮০৭ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ ছিল। নির্ধারিত নিরাপত্তা মজুদের তুলনায় এ মজুদ পর্যাপ্ত উল্লেখ করে তিনি বলেন, দেশে চাল ও গমের ঘাটতির কোনো সুযোগ নেই।
তিনি আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশে চালের চাহিদার বিপরীতে সরবরাহ ছিল বেশি। একইভাবে গমের ক্ষেত্রেও চাহিদার তুলনায় মোট সরবরাহ বেশি ছিল। বাজারে মূল্য স্থিতিশীল ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত রাখতে সরকার ও বেসরকারি খাত চাল ও গম আমদানি করে থাকে।