বিদেশে কর্মরত বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষায় সৌদি আরবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে দুটি ‘সেফ হোম’ পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। তিনি জানান, ১৩টি দেশের ২২টি ল’ ফার্মের সঙ্গে সরকারের চুক্তি হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নারী কর্মীরা প্রধানত সৌদি আরব, ওমান, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করছেন। কোনো কর্মী বিদেশে নিয়োগকর্তার নিগ্রহের শিকার হলে এসব ল’ ফার্মের মাধ্যমে আইনি প্রতিকার নেওয়ার সুযোগ রয়েছে।
তিনি আরও জানান, কর্মীদের অভিযোগ জানাতে দুটি কল সেন্টার রয়েছে। বিদেশে কর্মসংস্থান সম্প্রসারণের পাশাপাশি নারী কর্মীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
এ সময় ওমানের শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি করতে এমওইউ স্বাক্ষরের উদ্যোগ, কাতারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরির কার্যক্রম এবং জর্ডানে গত ছয় মাসে ৭ হাজার ৬৮৩ জন গার্মেন্টস কর্মী পাঠানোর তথ্যও তুলে ধরেন প্রতিমন্ত্রী। পাশাপাশি বিদেশে কর্মী পাঠানোর অভিবাসন ব্যয় কমানো এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।