মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম দেশটির প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হাসান রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) মালের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়। বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে প্রতিরক্ষা কূটনীতি, সামরিক সহযোগিতা, প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব এবং কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। আলোচনায় সামরিক প্রশিক্ষণ ও পেশাগত শিক্ষা, প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা, সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয় বলে জানা যায়। উভয় পক্ষ ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।