আজ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তাগণ, জেলা প্রশাসকগণ, ডিজিএফআই ও এনএসআই এর বিভাগীয় প্রধান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপারের প্রতিনিধিসহ বিভাগীয় অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শুরুতে হেলিপ্যাড ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পরিস্থিতি এবং মহাসড়কের ফুটপাত উচ্ছেদ, ময়লা পরিষ্কার, ফুটওভার ব্রিজ সঠিক স্থানে প্রতিস্থাপন ও মেরামত নিয়ে আলোচনা করা হয়। এতে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সর্বক্ষণ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানানো হয়। সুপেয় পানি ও মোবাইল টয়লেটের ব্যবস্থার জন্য জনস্বাস্থ্য দপ্তর কাজ করবে বলে জানায়। অনুষ্ঠানের সংশ্লিষ্ট কাজগুলোতে জেলা পরিষদ সর্বাত্মকভাবে কাজ করবে বলে পরিষদের নির্বাহী কর্মকর্তা জানান।
Blog
-

ত্রিশালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার রামপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ত্রিশাল থানা পুলিশের একটি চৌকস দল রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটিপাড়া গঁফাকুড়ি মোড় থেকে বড়মা সড়কের পূর্ব পাশে অভিযান পরিচালনা করেন। জনৈক আমছর আলীর বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে তল্লাশী কালে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সারোয়ার আলম ওরফে সেলিম (৩০) এবং আজিজুল ইসলাম ওরফে আইজুল (৪০)।
তাঁরা দুজন ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটিপাড়া এলাকার বাসিন্দা।আটককৃতদের হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ত্রিশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুনসুর আহাম্মদ জানান, এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
-

জ্বালানি তেলের দামে প্রভাব, বাসভাড়া কিলোমিটারে বাড়ল ১১ পয়সা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের গণপরিবহনে নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ দূরপাল্লা এবং আন্তঃজেলা রুটে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী জানান, মহানগর এলাকায় চলাচলকারী বাসের পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম রুটের দূরপাল্লার বাস এবং আন্তঃজেলা পরিবহনেও একই হারে ভাড়া বৃদ্ধি কার্যকর হবে।
এর আগে দুপুর ১২টায় সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), পরিবহন মালিক সমিতি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। উল্লেখ্য, পরিবহন মালিক ও সংশ্লিষ্ট বিভাগ থেকে প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলেও আলোচনা শেষে সরকার তা কমিয়ে ১১ পয়সা নির্ধারণ করে। নতুন এই সিদ্ধান্তে যাত্রীদের ওপর বাড়তি চাপ পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সংশ্লিষ্টদের মতে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে পরিবহন খাত সচল রাখতে এই সমন্বয় জরুরি হয়ে পড়েছে। -

ত্রিশালে এসএসসি পরীক্ষা কেন্দ্রে কড়া নজরদারি
ময়মনসিংহের ত্রিশালে চলমান এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত রাখতে কেন্দ্রগুলোতে কঠোর মনিটরিং করা হচ্ছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম এবং ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ। এছাড়াও ত্রিশাল সরকারি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে স্বচ্ছ ও নকলমুক্ত পরীক্ষা আয়োজন নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।
-

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত বাংলাদেশি যুবক মুহিবুর
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে নিহত হয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের মুহিবুর রহমান। ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি বাংকারে অবস্থানকালে তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।
উচ্চশিক্ষার জন্য ২০২৩ সালে মেক্সিকো গেলেও ভিসার মেয়াদ শেষে দেশে ফিরে ২০২৫ সালের আগস্টে রাশিয়ায় যান তিনি। দালালের প্রলোভনে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিলে নাগরিকত্ব ও উচ্চ বেতনের আশ্বাস পান বলে জানা গেছে।
প্রায় এক সপ্তাহ আগে নিহত হলেও ২১ এপ্রিল বিষয়টি প্রকাশ্যে আসে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন মুহিবুর। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছে প্রশাসন।
-

হজের পথে বাংলাদেশ: ২৫ হাজার যাত্রী সৌদিতে, শোক দুই মৃত্যুতে
হজ মৌসুম ঘিরে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাত্রী পাঠানোর কার্যক্রম জোরেশোরে চলছে। এখন পর্যন্ত ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারিভাবে গেছেন ২২ হাজার ৫২৬ জন। ৬৩টি ফ্লাইটের মাধ্যমে এই যাত্রা সম্পন্ন হয়েছে। তিনটি এয়ারলাইন্স—বিমান বাংলাদেশ, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এই কার্যক্রমে অংশ নিচ্ছে।
তবে আনন্দের মাঝেও রয়েছে শোকের ছায়া। সৌদি আরবে এ পর্যন্ত দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
-

মডেল মসজিদের বিদ্যুৎ বিল দেবে সরকার, ইমাম-মুয়াজ্জিনদের ভাতাও অব্যাহত
দেশের সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকারিভাবে পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। গত বুধবার জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ-এর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ধর্মমন্ত্রী বলেন, প্রতিটি মডেল মসজিদের জন্য সরকার থেকে প্রতি মাসে সর্বোচ্চ ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল পরিশোধ করা হচ্ছে। তবে এর অতিরিক্ত খরচ মসজিদ পরিচালনা কমিটি দান-অনুদানের মাধ্যমে বহন করছে।
এছাড়া বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী-এর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী দেশের ৪ হাজার ৫৭৮টি ইউনিয়ন ও ৩৩০টি পৌরসভার মোট ৪ হাজার ৯০৮টি মসজিদে প্রায় ১৪ হাজার ৭২৪ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে নিয়মিত মাসিক ভাতা প্রদান করা হচ্ছে।সরকারের এ উদ্যোগকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সহায়তা ও পরিচালনায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
-

ময়মনসিংহে স্মার্ট আলোকায়ন ও অবকাঠামো উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন
ময়মনসিংহ নগরীকে আধুনিক ও বাসযোগ্য শহরে রূপান্তরের লক্ষ্যে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন-এর প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি)-এর আওতায় সার্কিট হাউজ মাঠের চারপাশে স্থাপন করা হয়েছে আধুনিক স্মার্ট এলইডি বাতি। পাশাপাশি চরপাড়া মোড় থেকে নগরীর চুরখাই শেষ সীমানা পর্যন্ত প্রধান সড়কে চালু করা হয়েছে উন্নত আলোকায়ন ব্যবস্থা, যা রাতের নগর জীবনকে আরও নিরাপদ ও আকর্ষণীয় করে তুলবে।
এছাড়াও ২৫নং ওয়ার্ডের শান্তিনগর মোড় এলাকায় (দিঘারকান্দা, কাদুর বাড়ি, গ্রামীণ ব্যাংকের পাশ) পিভিসি পাইপ ড্রেনসহ আরসিসি সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। একই ধরনের উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে ১৯নং ওয়ার্ডের কেওয়াটলালী পাওয়ার হাউজ কলোনিতেও, যা স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, নগরবাসীর জীবনমান উন্নয়নই সিটি কর্পোরেশনের প্রধান লক্ষ্য। তিনি উল্লেখ করেন, “ময়মনসিংহকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। স্মার্ট এলইডি লাইটিং ব্যবস্থার ফলে প্রধান সড়কগুলো আরও নিরাপদ ও দৃষ্টিনন্দন হবে।”
তিনি আরও জানান, নগরীর বিভিন্ন ওয়ার্ডে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ চলমান রয়েছে। জলাবদ্ধতা নিরসন এবং টেকসই অবকাঠামো গড়ে তোলাই এসব প্রকল্পের মূল উদ্দেশ্য। নাগরিকদের সহযোগিতা পেলে এসব উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। নগরবাসীর প্রত্যাশা, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যান চলাচল, পরিবেশ এবং নাগরিক সেবার মানে আসবে ইতিবাচক পরিবর্তন।
-

এসএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা জারি
চলতি এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার (২২ এপ্রিল ২০২৬) শিক্ষা বোর্ডের প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা নির্ধারিত ৮টি মডেলের সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। পাশাপাশি সাধারণ (বেসিক) ক্যালকুলেটর ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে।
বোর্ডের নোটিশে উল্লেখ করা হয়, অনুমোদিত ক্যালকুলেটরগুলোর মধ্যে রয়েছে ……এফএক্স ৮২এমএস, এফএক্স ১০০এমএস, এফএক্স ৫৭০এমএস, এফএক্স ৯৯১এমএস, এফএক্স ৯৯১ইএক্স, এফএক্স ৯৯১ইএস, এফএক্স ৯৯১ইএস প্লাস এবং এফএক্স ৯৯১সিডব্লিউ।
এসব নির্ধারিত মডেলের বাইরে অন্য কোনো প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না বলে নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে। তবে উল্লিখিত মডেলের বাইরে সাধারণ ক্যালকুলেটর ব্যবহারে কোনো বাধা নেই। এছাড়া পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত (নন–প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহার করতে পারবে বলেও জানানো হয়েছে। শিক্ষা বোর্ডের এ নির্দেশনার ফলে পরীক্ষার হলে প্রযুক্তি ব্যবহারে শৃঙ্খলা বজায় থাকবে এবং অনিয়ম প্রতিরোধে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
-

ময়মনসিংহে হামের প্রকোপ বাড়ছে: ২৪ ঘণ্টায় আরও ৩৬ শিশু ভর্তি, চিকিৎসাধীন ৮৬
ময়মনসিংহে হামের প্রকোপ বাড়ছে: ২৪ ঘণ্টায় আরও ৩৬ শিশু ভর্তি, চিকিৎসাধীন ৮৬
ময়মনসিংহে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ৩৬ শিশু ভর্তি হয়েছে। এতে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ জনে। বুধবার (২২ এপ্রিল) সকালে হাসপাতালের হাম মেডিক্যাল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৭ মার্চ থেকে ২২ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭২১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ৩৫ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৬২০ জন। অন্যদিকে, একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় ১৫ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে, যা পরিস্থিতির গুরুতর দিকটি সামনে এনেছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, হামের পরিস্থিতি মোকাবিলায় তিনটি বিশেষ মেডিক্যাল টিম গঠন করে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি বলেন, “হামের সংক্রমণ প্রতিরোধে অভিভাবকদের সচেতনতা অত্যন্ত জরুরি। শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করাই এ রোগ থেকে সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়।”স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচিতে সামান্য অবহেলাও হামের মতো সংক্রামক রোগের বিস্তার ঘটাতে পারে। তাই দ্রুত টিকা নিশ্চিত করা এবং আক্রান্তদের আলাদা রেখে চিকিৎসা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ
