গাজীপুর আদালতের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি সম্রাটকে পালানোর মাত্র ৯ ঘণ্টার মধ্যেই ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব ও গাজীপুর সদর মেট্রো থানার পুলিশের যৌথ দল।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকায় যৌথ অভিযানে তাকে আটক করা হয়। পরে পলায়নের অভিযোগে তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রোববার দিনগত রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে আদালতে হাজির করার প্রস্তুতির সময় গারদখানায় কৌশলে হাতকড়া থেকে হাত বের করে পালিয়ে যায় সে।
ঘটনার পরপরই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট, সদর মেট্রো থানা পুলিশ এবং র্যাবের সমন্বয়ে অভিযান শুরু হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পালানোর মাত্র ৯ ঘণ্টার মধ্যে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, কীভাবে আসামি গারদখানা থেকে পালাতে সক্ষম হয়েছিল, তা বিভাগীয়ভাবে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর সদর মেট্রো থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, র্যাব ও থানা পুলিশের যৌথ অভিযানে সম্রাটকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে এবং পলায়নের ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার বলেন, আসামি পালানোর ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হয়। তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত তৎপরতায় অল্প সময়ের মধ্যেই তাকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।