ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সাজ্জাদ রোমন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানায় সফলতার সঙ্গে ওসি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে এই পুলিশ কর্মকর্তার। একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা থানায় যোগ দেওয়ায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকার সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া অনলাইন ক্যাসিনো, জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার রোধে নতুন ওসি শক্ত ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা। এলাকার সচেতন মহল মনে করছেন, পূর্বের কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ঈশ্বরগঞ্জকে অপরাধমুক্ত ও শান্তিময় এলাকা হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে দ্রুত কার্যকর ও সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে।
এ বিষয়ে নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, ঈশ্বরগঞ্জ থানা এলাকাকে সব ধরনের অপরাধমুক্ত রাখতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কোনো ধরনের আপস করা হবে না।” অপরাধীদের দমনে তিনি এলাকার সচেতন নাগরিক ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।