বিডিআর বিদ্রোহের মামলায় সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি আদালতের দেওয়া সাজা সম্পূর্ণ ভোগ করার পর তার বিরুদ্ধে অন্য কোনো মামলা বা কারাদণ্ড কার্যকর না থাকলে, সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া শেষে কারাগার থেকে মুক্তি পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, কোনো মামলায় সাজা শেষ হওয়ার পর কারাগার কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অন্য কোনো মামলা বা আটকাদেশ রয়েছে কি না, তা যাচাই করে। অন্য কোনো আইনি বাধা না থাকলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
তিনি আরও বলেন, শুধু পরিচয়, পূর্ববর্তী সাজা বা রাজনৈতিক বিবেচনায় কেউ যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। মিথ্যা মামলা বা উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।