শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৬২ সময় দেখুন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বরেণ্য রাজনীতিক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা তার জন্মভূমি ভোলায় সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর আড়াইটায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে। প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা ও বিদায় জানাতে জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হন, ফলে পুরো দ্বীপজেলায় শোকের আবহ তৈরি হয়।

জানাজা শুরুর আগে তোফায়েল আহমেদকে রাষ্ট্রীয় মর্যদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় তার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে একটি হেলিকপ্টারযোগে তার মরদেহ ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন হেলিপ্যাডে আনা হয়। সেখান থেকে ফ্রিজিং ভ্যানে করে মরদেহ নেওয়া হয় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে।

প্রিয় নেতাকে বহনকারী হেলিকপ্টারটি যখন হেলিপ্যাডে নামে, তখন সেখানে আগে থেকে ভিড় করা কয়েক হাজার নেতাকর্মী ও শুভানুধ্যায়ী কান্নায় ভেঙে পড়েন। জানাজা শেষে তোফায়েল আহমেদের মরদেহ তার পৈতৃক গ্রাম সদর উপজেলার দক্ষিণ দীঘলদি ইউনিয়নের কোড়ালিয়ায় নেওয়া হয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশেই এই বর্ষীয়ান জননেতাকে সমাহিত করা হয়েছে।

তার মৃত্যুতে ভোলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে। জানাজায় উপস্থিত সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা তাকে ‘ভোলার অভিভাবক’ হিসেবে অভিহিত করে স্মৃতিচারণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD