রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

তরুণ উদ্যোক্তাদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত বিনা জামানতের ঋণ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৯৫ সময় দেখুন

দেশে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের অধীনে বর্তমানে তরুণদের জন্য বিনা সুদের কোনো ঋণ কর্মসূচি নেই। তবে স্বল্প সুদে এবং সহজ শর্তে ঋণ বিতরণের জন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কিম পরিচালনা করছে। তিনি জানান, কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য পরিচালিত ‘নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিম’-এর তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই স্কিমের আওতায় নতুন উদ্যোক্তারা কোনো ধরনের জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। এ ঋণের সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া, প্রয়োজনীয় জামানত প্রদান সাপেক্ষে একই স্কিম থেকে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

স্টার্টআপ উদ্যোক্তাদের সহায়তায় সরকার ‘স্টার্টআপ ফান্ড’ নামে ৫০০ কোটি টাকার একটি পৃথক পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে। এই তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন। অর্থমন্ত্রী বলেন, নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশের উৎপাদনশীল খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এসব অর্থায়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য, সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ও বিনা সুদে ঋণ প্রদানের কোনো প্রকল্প রয়েছে কি না—এ বিষয়ে জানতে চেয়ে প্রশ্ন উত্থাপন করেছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD