ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর টহল দলের ওপর ‘সংঘবদ্ধ চোরাকারবারি’দের হামলার ঘটনা ঘটেছে। এতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। পরে নিজেদের জীবন ও সরকারি মালপত্র রক্ষার্থে বিজিবি আত্মরক্ষামূলক গুলিবর্ষণ করলে নোমান নামের একজন আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নোমান (৩৮) হালুয়াঘাট উপজেলার ১ নম্বর ভুবনকুড়া ইউনিয়নের ঝলজুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটে তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে ৩৯ বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ভোর ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ হালুয়াঘাট উপজেলাধীন তেলিখালী বিওপির সীমান্ত শূন্য রেখা থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জলজলিয়ায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনাকালে বিজিবির একটি টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিরা অতর্কিত হামলা চালায়।
এ সময় বিজিবি সদস্যরা প্রথমে মৌখিকভাবে সতর্ক করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক গুলিবর্ষণ করেন। তবে চোরাকারবারিরা সতর্কবার্তা উপেক্ষা করে পুনরায় হামলা চালালে একজন বিজিবি সদস্য আহত হন। পরবর্তীতে নিজেদের জীবন ও সরকারি সম্পদ রক্ষার্থে বিজিবি সদস্যরা আত্মরক্ষামূলক গুলিবর্ষণ করেন। এতে একজন চোরাকারবারি গুলিবিদ্ধ হন।
আহত ব্যক্তিকে উদ্ধার করে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সরকারি কাজে বাধা প্রদানের জন্য একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রেখেছে।