জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) দেশের অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নে মোট ২ হাজার ২৬৬ কোটি ৪১ লাখ টাকা ব্যয়সম্বলিত ৮টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে ২ হাজার ২২৯ কোটি ১৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৩৭ কোটি ২৮ লাখ টাকা।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে তিনটি নতুন প্রকল্প, তিনটি সংশোধিত প্রকল্প এবং দুটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প। গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন, চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী-পেকুয়া-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, দেশের ৩৩টি জেলায় সার্কিট হাউস ও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সম্প্রসারণ প্রকল্প।
এ ছাড়া ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ক্যান্সার সেন্টার নির্মাণের দ্বিতীয় পর্যায়, মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট প্রকল্প, ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতা বৃদ্ধির প্রকল্পও অনুমোদন পেয়েছে।
সভায় অর্থ, পরিকল্পনা, স্থানীয় সরকার, বিদ্যুৎ, কৃষি, শিল্প, সড়ক পরিবহন, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, শিক্ষা, পানি সম্পদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে পরিকল্পনা মন্ত্রীর মাধ্যমে পূর্বে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়সম্বলিত আরও ৬টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা, ডাকসেবার সম্প্রসারণ, সেনানিবাসের প্রশিক্ষণ অবকাঠামো উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ কর্মসূচি এবং খুলনায় পাইকগাছা কৃষি কলেজ স্থাপন প্রকল্প।