জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক আহমাদুল্লাহ বিশ্বকাপ আয়োজনের বিপুল ব্যয়ের বিষয়টি তুলে ধরে বিশ্বের ক্ষুধার্ত মানুষের খাদ্যনিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার (১৫ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ২০২২ সালের কাতার বিশ্বকাপ আয়োজনের পেছনে প্রায় ২২০ বিলিয়ন (২২ হাজার কোটি) ডলার ব্যয় হয়েছে। অন্যদিকে, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সাবেক নির্বাহী পরিচালক ডেভিড বিসলির বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, বছরে মাত্র ৪০ বিলিয়ন (৪ হাজার কোটি) ডলার ব্যয় করলেই বিশ্বের প্রায় ৮২ কোটি ৮০ লাখ ক্ষুধার্ত মানুষের খাদ্যচাহিদা পূরণ করা সম্ভব।
আহমাদুল্লাহ তার পোস্টে বলেন, একদিকে বিশ্বের কোটি কোটি মানুষ খাদ্যসংকটে ভুগছে, অন্যদিকে একটি খেলাকে ঘিরে বিপুল অর্থ ব্যয় ও ব্যাপক উন্মাদনা চলছে। তিনি মনে করেন, মানবিক সংকটের তুলনায় বিনোদনমূলক আয়োজনকে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা সমাজে মানবিক মূল্যবোধের অবক্ষয়ের প্রতিফলন।
পোস্টের শেষাংশে তিনি বর্তমান বিশ্বব্যবস্থায় মানবতা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণের বিষয়টি সর্বাগ্রে গুরুত্ব পাওয়া উচিত।