ময়মনসিংহের ত্রিশালে স্কুল-কলেজের পাঠদান চলাকালে কোনো কোচিং সেন্টার পরিচালনা করা যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কোচিং সেন্টারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বুধবার ১৫ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপজেলার সকল কোচিং সেন্টারের মালিক ও পরিচালকদের এ নির্দেশনা দেওয়া হয়।
সভায় জানানো হয়, দীর্ঘদিন ধরে অভিযোগ পাওয়া যাচ্ছিল যে, স্কুল-কলেজে ক্লাস চলাকালীন সময়েও বিভিন্ন কোচিং সেন্টারে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়ে যাচ্ছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতি কমে যাচ্ছে এবং শ্রেণিকক্ষ অনেক ক্ষেত্রেই ফাঁকা থাকছে। প্রশাসনের মতে, এ প্রবণতার কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষার মান ব্যাহত হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীরা বিদ্যালয়ের পাঠদান, সহশিক্ষা কার্যক্রম এবং নৈতিক শিক্ষা থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এতে ভবিষ্যতে শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, স্কুল-কলেজের নির্ধারিত ক্লাস চলাকালে কোনো কোচিং সেন্টার খোলা রাখা যাবে না। নির্দেশনা কার্যকরে নিয়মিত তদারকি করা হবে। ইউএনও সভায় স্পষ্টভাবে জানান, নির্দেশনা অমান্য করে কোনো কোচিং সেন্টার পরিচালিত হলে বা ক্লাস চলাকালে সেখানে শিক্ষার্থীদের পাওয়া গেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। প্রয়োজনে প্রতিষ্ঠান সিলগালাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন অভিভাবক, শিক্ষক ও স্থানীয় নাগরিকরা।