ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন । ২১ জুলাই মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রাকের ডিপোর সামনে এই ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক এসআই খালিদ তিনজনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, জেলার সদর উপজেলার মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৩৫), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের শিলা আক্তার (২৫) ও নগরীর জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫)।
দুর্ঘটনায় অটোরিকশাটি একেবারে ট্রাকের নিচে চলে যায় বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলেই ওই পুরুষের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর দুই নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার যেভাবে চায়, সেভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি জানান, চালক ও সহকারী দুজনেই পলাতক। ট্রাকটি চালকের বদলে সহকারী চালাচ্ছিলেন কি না, সেটি যাচাই-বাছাই করা হচ্ছে। তাঁদের আটকের চেষ্টা চলছে।