দেশের চিকিৎসা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। তিনি বলেছেন, দেশে উন্নতমানের হেপাটাইটিস বি চিকিৎসা নিশ্চিত করা গেলে রোগীদের বিদেশে চিকিৎসার প্রয়োজন কমবে, চিকিৎসা ব্যয় হ্রাস পাবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
সোমবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’ উপলক্ষে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘Elimination for Everyone, Everywhere, Right Now.’
মন্ত্রী বলেন, দেশে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত হলেও অনেকেই এ বিষয়ে সচেতন নন। অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণের কারণে ফ্যাটি লিভারের প্রকোপ বাড়ছে উল্লেখ করে তিনি জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের হেপাটোলজির এমেরিটাস অধ্যাপক সাইমন টেইলর রবিনসনের নিয়োগের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, বিদেশি ও আঞ্চলিক বিশেষজ্ঞদের সম্পৃক্ততা চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানদণ্ডে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দেশের অন্যান্য মেডিকেল কলেজকেও এ ধরনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির পক্ষ থেকে সব গর্ভবতী নারীর জন্য হেপাটাইটিস বি স্ক্রিনিং বাধ্যতামূলক করার দাবি জানানো হলে মন্ত্রী একে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। এ দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের হেপাটোলজির এমেরিটাস অধ্যাপক সাইমন টেইলর রবিনসন।
এ সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সভাপতি (অবৈতনিক) অধ্যাপক ডা. এ কে আজাদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদসহ বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডা. মো. সামসুল আরফিন।