দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ২৮ জুলাই বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
সভায় শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষা নীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যক্রমের বিষয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী এসব বিষয় পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। বৈঠকে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, কার্যকর পাঠদান ব্যবস্থা, শিক্ষকদের আধুনিক ও ধারাবাহিক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।
এ সময় মাঠপর্যায়ে কর্মরত শিক্ষা কর্মকর্তারা দেশের শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র, বিদ্যমান চ্যালেঞ্জ এবং মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনেন এবং নীতিনির্ধারণ ও বাস্তবায়নে মাঠপর্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্য পূরণে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান এবং শিক্ষার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।