টাঙ্গাইলের সখীপুরে গুরুতর অসুস্থ ও চলৎশক্তিহীন জামাল উদ্দিন (৪৯) নামে এক ব্যক্তিকে গভীর রাতে বৃষ্টির মধ্যে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে স্ত্রী-সন্তানের বিরুদ্ধে। শনিবার (১ আগস্ট) রাতে কালমেঘা এলাকায় সড়কের পাশে তাকে ফেলে রাখা হয় বলে স্থানীয়রা জানান। পরদিন সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাতিজির বাড়িতে আশ্রয় দেন।
জানা গেছে, পরিবারের সুখের আশায় জামাল উদ্দিন ১২ বছর সৌদি আরবে কাটিয়ে কয়েক মাস আগে অসুস্থ অবস্থায় দেশে ফেরেন। এরপর থেকেই তিনি পরিবারের অবহেলার শিকার হন বলে অভিযোগ।
তবে স্ত্রী রিনা আক্তার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, কয়েক মাস আগেই জামালকে ডিভোর্স দিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য জানান, স্থানীয়দের সহায়তায় জামালকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। বিষয়টি অমানবিক উল্লেখ করে সখীপুর ইউএনও প্রয়োজনীয় আইনি ও মানবিক ব্যবস্থা নিতে সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।