ময়মনসিংহের ত্রিশালে নোহা গাড়িতে করে চুরি করে নিয়ে যাওয়া একটি লাল রঙের ষাঁড় বাছুর কিশোরগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত নোহা গাড়িটিও জব্দ করা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর দুপুর ২টা ৫ মিনিটের দিকে ত্রিশাল উপজেলার ৫ নম্বর রামপুর ইউনিয়নের বীররামপুর চরপাড়া এলাকার শিমুলতলী থেকে একটি লাল রঙের ষাঁড় বাছুর সাদা রঙের নোহা গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-চ-১৫-৬৩৭৫। পুরো ঘটনাটি স্থানীয় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
এ ঘটনায় গরুর মালিক নাছির উদ্দিনের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ত্রিশাল থানায় মামলা করা হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নোহা গাড়িটির নম্বর শনাক্ত করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় গাড়িটির অবস্থান নিশ্চিত হওয়ার পর ত্রিশাল থানার এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে কিশোরগঞ্জ জেলায় অভিযান চালানো হয়।
অভিযানে চুরি যাওয়া ষাঁড় বাছুরটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিশোরগঞ্জের মো. হৃদয় (২৫) ও মো. আসাদ মিয়া (৪০)কে গ্রেপ্তার করা হয়। পরে চুরির কাজে ব্যবহৃত নোহা গাড়িটিও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।