‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস উদ্যাপন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
১২ অক্টোবর সোমবার বিকেল ৩টায় উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ত্রিশাল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ত্রিশালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান।স্বাগত বক্তব্য রাখেন ত্রিশালে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম , একাডেমিক সুপারভাইজার সাহানা আক্তার।
আলোচনা সভায় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, কন্যাশিশুর অধিকার নিশ্চিতকরণ, শিক্ষা এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে শিক্ষার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে তাদের এগিয়ে নেওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কন্যাশিশুরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালি অনুষ্ঠিত হয়।