আগামী ৬ মাসের মধ্যে বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৬০টা ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ গঠন সম্পর্কিত গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন।
স্বাস্থ্য খাতকে শক্তিশালী করতে হেলথ ইনস্যুরেন্স ব্যবস্থা কার্যকর করা দরকার বলেনও জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিটি ইউনিয়নে একটি হেলথ সেন্টার ও তিনটি করে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার স্থাপন করা হবে বলেও জানান মন্ত্রী।
এসময় তিনি বলেন, ‘প্রান্ত স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য ওয়েলবিং সেন্টার করা হবে, আগামী ১ সপ্তাহের মধ্যে টেন্ডার করে, ১ বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে।’
স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শতভাগ উপযোগী হলেও একসাথে সব বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। তাই সুনির্দিষ্ট কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে পাইলট স্কিম হিসেবে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুক হকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।