ময়মনসিংহের ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় শ্রমিকবাহী একটি লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরও নয়জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গুজিয়াম এলাকার বগার বাজারে নিগারজামান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের মফিজুল হকের ছেলে নাইম মিয়া (২৩) এবং ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিগুরকান্দা গ্রামের রায়েরগ্রাম এলাকার আব্দুস সোবহানের ছেলে কামাল ফকির (৪০)।
আহতরা হলেন গফরগাঁওয়ের সান্তা (২১), লিজা (২২), হাজেরা (৪৩), রুজিনা (৩০), শালিনা (২৭), আকলিমা (৩৬), অজুফা (৩০), রাসেল (২১) এবং ত্রিশালের তাসলিমা (২২)।
ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের বগার বাজার এলাকার দাবির উদ্দিন স্পিনিং মিলের শ্রমিকেরা রাতের পালার কাজ শেষে বাড়ি ফেরার জন্য একটি লেগুনায় ওঠেন। লেগুনাটি নিগারজামান ফিলিং স্টেশনের সামনে ইউটার্ন নেওয়ার সময় উল্টো দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে ধাক্কা দেয়।
এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন এবং আহত হন আরও নয়জন।
খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দাবির উদ্দিন স্পিনিং মিলের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সেলিম আল রাজী জানান, আহত শ্রমিকদের চিকিৎসার জন্য মিলের একজন কর্মকর্তা হাসপাতালে অবস্থান করছেন।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান জানান, নিহত দুজনের মরদেহ বডিব্যাগসহ ত্রিশাল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। ভালুকার ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম জানান, নিহত দুজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।