বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাবিতে মেসির ৩৯তম জন্মদিন উদযাপন, টিএসসি থেকে রাজু ভাস্কর্যে আনন্দ মিছিল বিশ্বকাপ চলাকালে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যান চলাচলে নিয়ন্ত্রণ ডিসি সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতার আশ্বাস মন্ত্রীর গাইবান্ধায় ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন, কর্মচারী পুলিশ হেফাজতে ত্রিশালে ১০০ কিমি সড়ক পাকাকরণে এমপি লিটনের মেগা পরিকল্পনা নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পাবলিকেশন-রেডি কোয়ান্টিটেটিভ মেথডস ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম আটক নজরুল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ মেথডোলজি ইন আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ: মেথডস অ্যান্ড প্র্যাকটিস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘রুদ্র-মঙ্গল’ গবেষণাপত্র প্রকাশিত ত্রিশাল পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষণা।

ডিসি সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতার আশ্বাস মন্ত্রীর

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৩১ সময় দেখুন

সিলেটের শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স প্রকাশ্যে খুলে অর্থ গণনার ঘটনাকে ঘিরে তৈরি হওয়া আলোচনার মধ্যে মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, বিদায়ী জেলা প্রশাসক সারওয়ার আলমের উদ্যোগ সরকারকে নতুন করে বিষয়টি ভাবতে বাধ্য করেছে এবং মাজার পরিচালনায় কোনো ধরনের অনিয়ম বা অস্বচ্ছতার সুযোগ দেওয়া হবে না।

বুধবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, “ডিসি সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন। মাজারের হিসাব-নিকাশে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।”

মন্ত্রী জানান, মাজার পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রীসহ সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়ার কথাও জানান তিনি। তার ভাষায়, “সিলেটের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আমরা কাজ করব। জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে।”

জেলা প্রশাসক সারওয়ার আলমের বদলি নিয়ে তৈরি হওয়া আলোচনার বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, সরকারি কর্মকর্তাদের বদলি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া এবং এ বদলিকে বিশেষ কোনো ঘটনার সঙ্গে যুক্ত করে দেখার সুযোগ নেই। “ডিসি সাহেবের বদলি এই সময়ে হওয়াটা হয়তো কাকতালীয়। এটি এর আগেও হতে পারত, পরেও হতে পারত,” বলেন তিনি।

গত ২১ জুন শাহজালাল (রহ.) মাজারে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্থাপিত দানবাক্স প্রকাশ্যে খুলে গণনা করা হয়। এতে প্রায় ১৮ লাখ টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও ৫ লাখ টাকা যোগ করে মোট ২২ লাখ টাকার বেশি ব্যাংকে জমা করা হয়। সংশ্লিষ্টদের দাবি, মাজারের প্রায় ৭০০ বছরের ইতিহাসে এই প্রথমবার প্রকাশ্যে দানের অর্থ গণনা করা হলো। এ ঘটনাকে কেন্দ্র করে সিলেটজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয় এবং জেলা প্রশাসক সারওয়ার আলমের ভূমিকাও প্রশংসিত হয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময়ই সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। এরপর থেকেই সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে এবং যুক্তরাজ্যের লন্ডনে তাকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে বলে জানা গেছে।

বুধবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীকে স্বাগত জানান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বিএনপির মহানগর ও জেলা পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD