বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘সরকারি ক্রয় ও আর্থিক অনুবর্তিতা: বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য একটি সমন্বিত নির্দেশিকা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২১ সময় দেখুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক এবং অর্থ ও হিসাব দপ্তরের সকল কর্মকর্তার অংশগ্রহণে ‘সরকারি ক্রয় ও আর্থিক অনুবর্তিতা: বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য একটি সমন্বিত নির্দেশিকা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই বৃহস্পতিবার সকালে পুরোনো প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি’র আয়োজনে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই প্রশিক্ষণ কর্মসূচির আশাব্যঞ্জক ফলাফল লক্ষ্য করছি। আজকের প্রশিক্ষণ কর্মসূচির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সরকারি ক্রয়ের নিয়মনীতি না জানার কারণে বিভিন্ন ক্ষেত্রে নিরীক্ষা আপত্তি আসে। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে আপনারা আর্থিক বিষয়ে যাবতীয় নিয়মনীতি সম্পর্কে জানতে পারবেন।” বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় স্বশরীরে উপস্থিত থাকতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে সম্পদ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাংলাদেশ সরকারি ক্রয় কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) মোহাম্মদ আলী আহমেদ খান। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক গুণগত মান নিশ্চিতকরণ সেল আয়োজিত এ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সেলটির পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন সেলটির অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলাম। এ সময় অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD