বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক রশিদুন্ নবী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর : শিশু রামিসা হত্যা একে একে ট্যাংকে নেমে প্রাণ গেল চার শ্রমিকের ত্রিশালে যুবদল নেতার দোকান উচ্ছেদ: ‘১৬ বছরের জীবিকা’ কেড়ে নেওয়ার অভিযোগ বাংলার বাঘের গর্জন: পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়ল বাংলাদেশ চট্টগ্রাম বন্দরে থাই নাবিককে ছুরিকাঘাত, আটক একজন ময়মনসিংহ জেলা পর্যায়ে ফুটবল চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল দরিরামপুর মডেল সপ্রাবি জাকার্তায় বিশ্বজয়: আন্তর্জাতিক কোডিং, এআই ও রোবটিকস প্রতিযোগিতায় বাংলাদেশের চ্যাম্পিয়নশিপ ভালুকায় উদ্বোধন হলো সৌরচালিত কৃষি প্রযুক্তি প্রদর্শন ও প্রশিক্ষণ কেন্দ্র দেশের আকাশে জিলহজের চাঁদ দেখা গেছে

নজরুল পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক রশিদুন্ নবী

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১০ সময় দেখুন

বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত ‘নজরুল পুরস্কার ২০২৬’ পাচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ, নজরুল গবেষক, স্বরলিপিকার ও সংগীতজ্ঞ অধ্যাপক ড. রশিদুন্ নবী। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সাবেক শিক্ষক।

আগামী ২৩ মে বিকেল ৩টায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এই পুরস্কার প্রদান করা হবে।

বুধবার (২০ মে) দুপুরে বাংলা একাডেমি প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিশিষ্ট শিক্ষাবিদ, নজরুল গবেষক, স্বরলিপিকার ও সংগীতজ্ঞ ড. রশিদুন্ নবী ১৯৫৭ সালের ১ জানুয়ারি মাগুরার শালিখার দরিখাটোর গ্রামে জন্মগ্রহণ করেন। দশম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় তিনি সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে পিএইচডি অর্জনের পাশাপাশি সংগীতে দীক্ষা নেন ওস্তাদ ফুল মোহাম্মদ, শেখ লুৎফর রহমান, সুধীন দাশ ও খালিদ হোসেনের কাছে।

১৯৮০ সাল থেকে তিনি নজরুল গবেষণায় আত্মনিয়োগ করেন এবং ১৯৮৯ সালে কবি নজরুল ইনস্টিটিউটে কর্মজীবন শুরু করেন। পরে ২০০৭ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে সহযোগী অধ্যাপক পদে যোগ দেন। পরবর্তীতে তিনি অধ্যাপক (গ্রেড-১) পদে উন্নীত হন। তিনি সংগীত বিভাগের বিভাগীয় প্রধান, দোলনচাঁপা হলের প্রভোস্ট ও আইকিউএসি পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

ফ্যাসিবাদী সরকারের আমলে স্থানীয় সাংসদের রাজনৈতিক চাপের মুখে সাময়িক বরখাস্ত হলেও আদালতের লড়াইয়ে তিনি ন্যায়বিচার লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নজরুলসংগীত শিল্পী ও সংগীত পরিচালক। তাঁর গবেষণা, স্বরলিপি ও সম্পাদিত গ্রন্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে।

তাঁর রচিত গবেষণামূলক গ্রন্থ ৩টি, স্বরলিপি গ্রন্থ ৫টি, প্রবন্ধ প্রায় অর্ধশত এবং সম্পাদিত গ্রন্থ (একক ও যৌথভাবে) ১৪টি। তিনি সর্বাধিক সংখ্যক নজরুলসংগীত সংকলনগ্রন্থ ‘নজরুল-সংগীত সংগ্রহ’-এর সম্পাদক।

নজরুল গবেষণায় তাঁর গৌরবময় অবদান ও কীর্তির স্বীকৃতিস্বরূপ তিনি কবি নজরুল ইনস্টিটিউট থেকে ‘নজরুল পুরস্কার ২০১৭’, বাংলাভিশন ফাউন্ডেশন থেকে ‘কবি নজরুল স্মৃতি পদক ২০১৭’, পশ্চিমবঙ্গের চুরুলিয়ায় অবস্থিত নজরুল একাডেমি থেকে ‘নজরুল পুরস্কার ২০১৮’, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ‘নজরুল পদক ২০২৫’সহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পুরস্কৃত ও সংবর্ধিত হয়েছেন।

অধ্যাপক ড. রশিদুন্ নবী নিজের অনুভূতি প্রকাশ করে খবরের কাগজকে বলেন, ‘আমি প্রথমেই সকলের দোয়া চাই। যেকোনো পুরস্কার পাওয়া অবশ্যই আনন্দের। পুরস্কার পাওয়া কাজের স্বীকৃতি। এটি কাজের গতি বাড়ায়। সারাজীবন নজরুলকে নিয়েই আমার পথচলা। প্রায় চার দশক ধরে আমি নজরুলকে নিয়ে গবেষণা করছি। সামনে আরও কাজ করে যাব, ইনশাআল্লাহ। মান-সম্মান দেওয়ার মালিক উপরওয়ালা করুণাময়। আমি যেন এই সম্মান ধরে রাখতে পারি, সেই দোয়া চাই সকলের।’

বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক আশিক সরকার বলেন, ‘আমি নবী স্যারের সাবেক শিক্ষার্থী। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র। পরবর্তীতে তাকে সহকর্মী হিসেবেও পেয়েছি। তার এই প্রাপ্তি আমাদের সবার জন্য গর্বের। তিনি যেভাবে নজরুলচর্চাকে সমৃদ্ধ করেছেন, তা আমাদের অনুপ্রাণিত করে। তার মতো গুণী মানুষের সান্নিধ্যে থেকে আমরা শুধু সংগীত নয়, সততা, সাহস ও আদর্শের শিক্ষাও পেয়েছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD