চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সঙ্গে চলতি মাসের শেষ সপ্তাহ থেকে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে স্কুলড্রেস বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও তিনি জানান। সোমবার (১৫ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থাকে সেশনজটমুক্ত করার লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, ২০২৮ সালের পর থেকে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই তারা ভর্তি কার্যক্রমে অংশ নিতে পারবে। পাঠ্যপুস্তক পরিমার্জনের বিষয়ে মন্ত্রী বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সংশোধিত ও পরিমার্জিত নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে। ফলে নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীরা হাতে নতুন বই পাবে।
শিক্ষার্থীদের সার্বিক বিকাশের ওপর গুরুত্বারোপ করে ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, শুধু শ্রেণিকক্ষভিত্তিক পাঠদান নয়, সহশিক্ষা কার্যক্রমেও সমান গুরুত্ব দিতে হবে। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।