এইচএসসি পরীক্ষা শুরুর মাত্র চার ঘণ্টা আগে ময়মনসিংহ নগরীতে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল আনুমানিক ৬টার দিকে নগরীর কাচিঝুলী মসজিদ রোড এলাকার নাসা টাওয়ার নামে একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে।
নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি জেলার তারাকান্দা উপজেলার মধ্য বাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। পড়াশোনার সুবিধার্থে গত দুই বছর ধরে তিনি নগরীর ওই ভবনের একটি ছাত্রী মেসে বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এর কয়েক ঘণ্টা আগে তিশা ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সময় মেসের অন্য সদস্যরা ঘুমিয়ে থাকায় কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আশরাফুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদ থেকে নিচে পড়ে তিশার মৃত্যু হয়েছে। পরীক্ষার চাপ বা অন্য কোনো কারণ এ ঘটনার পেছনে রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।