স্বপ্ন অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নেত্রকোনার তরুণ তানভীর রহমান। প্রথমবার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অংশ নিয়েই ৪৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন তিনি।
নেত্রকোনা সদর উপজেলার রায়দুম বাগড়া গ্রামের বাসিন্দা তানভীর একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান ও গৃহিণী রিনা পারভীনের বড় ছেলে। তার এই অসাধারণ সাফল্যে পরিবার, স্বজন এবং পুরো নেত্রকোনাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
তানভীর ২০১৭ সালে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং ২০১৯ সালে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ২০২৫ সালে স্নাতক সম্পন্ন করেন। একই বছরের ১ জুন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পরও তিনি বিসিএসের প্রস্তুতি চালিয়ে যান। সেই প্রস্তুতির ফলেই প্রথম চেষ্টায় পররাষ্ট্র ক্যাডারে শীর্ষস্থান অর্জন করেন।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও সমান দক্ষ তানভীর। শৈশব থেকেই ফুটবল ও ক্রিকেটে আগ্রহী এই তরুণ বিভিন্ন প্রতিযোগিতায় অর্ধশতাধিক পুরস্কার অর্জন করেছেন। ছেলের সাফল্যে আবেগাপ্লুত বাবা আবদুর রহমান বলেন, সততা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমই তানভীরকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। রাষ্ট্রের দেওয়া দায়িত্বও সে একই নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তানভীর রহমানের এ সাফল্যে শামছুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা আনন্দ উদযাপন করছেন। দেশের পররাষ্ট্র সেবায় দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও উজ্জ্বল করবেন—এমন প্রত্যাশা সবার।