জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ১৫ জুলাই বুধবার সকালে নতুন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে আকাশে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহাবুবুর রহমান। 
দিবসটির উদ্বোধন ঘোষণা করে ময়মনসিংহ-৭ (ত্রিশাল আসনের সংসদ সদস্য ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহাবুবুর রহমান বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া, জমিদাতাসহ যাঁরা অবদান রেখেছেন তাঁদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই।’ 
এরপর একটি র্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে নতুন প্রশাসনিক ভবনের পাশে বৃক্ষরোপণ করেন অতিথিবৃন্দ। এরপর ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে ২০ পাউন্ডের একটি কেক কাটা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. আশরাফুল আলম, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান, বিশ্ববিদ্যালয়ের

শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের প্রফেসর মো. তানজিল হোসেন।সবশেষে বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও কাতারের আমীর এর মৃত্যুর কারণে সরকার কর্তৃক জাতীয় শোক ঘোষণা করায় তা স্থগিত করা হয়।
উল্লেখ্য ৩ জুন বিশ্ববিদ্যালয় দিবস হলেও সেই সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ১৫ জুলাই দিবসটি উদ্যাপন করা হয়।