ময়মনসিংহে নবযোগদানকৃত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি (রিয়াজ-নজরুল পরিষদ) জেলা ও উপজেলা শাখা।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে সমিতির জেলা ও উপজেলা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নবযোগদানকৃত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। সমিতির নেতারা তার আন্তরিকতা ও দূরদর্শী পরিকল্পনার প্রশংসা করেন এবং শিক্ষার উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে জেলা ও উপজেলা শাখার পক্ষ থেকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।