শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নয়াবাড়িতেই দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তরের দাবিতে জনস্রোত, মানববন্ধন ও বিক্ষোভ ফেসবুকের প্রেম থেকে সাতপাক, চীনা যুবককে বিয়ে করলেন নেত্রকোনার তরুণী চলন্ত বিজয় এক্সপ্রেসে এসির যন্ত্রাংশ চুরির চেষ্টা, দুই যুবক আটক থ্যালাসেমিয়া রোগীদের জন্য জাতীয় ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের ‘ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই, বাংলাদেশ সবার’—মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্কিন বিশেষ দূতের সামনে রোহিঙ্গাদের একটাই দাবি—‘নিরাপদে ফিরতে চাই নিজ দেশে’ ‘বিএনপি প্রতিশ্রুত সব বাস্তবায়ন করবে, মিথ্যা প্রচারণা নয়’—রিজভী নিজেই স্টিয়ারিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, ঢাকার নগর ব্যবস্থাপনা পরিদর্শনে একাধিক নির্দেশ পেনক্রিয়াসে পাথর, চিকিৎসার অর্থ জোগাতে নিঃস্ব সবজি বিক্রেতা তাজিবুরের পাশে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে উয়েফার তীব্র আপত্তি

নাসীরুদ্দীন-সারজিসসহ ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২৯ সময় দেখুন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

৩১ জুলাই বৃহস্পতিবার রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলার এজাহার দাখিল করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন। মামলায় ১০ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ জুলাই বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বাদীর অভিযোগ, কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও শোকসভায় অংশ নিতে নেতাকর্মীরা সেখানে জড়ো হলে এনসিপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।

এজাহারে দাবি করা হয়েছে, ওই হামলায় জেলা ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হন। তাদের লোহার রড, রামদা, ফিকল ও ইটের টুকরো দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এছাড়া সংঘর্ষের সময় বাদীর আইফোন-১৩, মোজাক্কির হোসেন ইমনের আইফোন-১১, মাহফুজ চৌধুরীর আইফোন-১৪, মাহমুদুল হাসান গাজীর স্যামসাং এস-২২, রক্সি ইসলামের কাছে থাকা ৫০ হাজার টাকা এবং শিমুল হাসানের আইফোন-১৫ ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সরে যান এবং আহতরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার নামীয় আসামিদের মধ্যে রয়েছেন নাসীরুদ্দীন পাটোয়ারী, সারজিস আলম, আবু হেনা মোস্তফা কামাল, মাহবুবুল বারী চৌধুরী মুবিন, নাহিদ উদ্দিন তারেক, নুর আলম চৌধুরী, ফখরুল জাকির, আ. হাই কামাল, রুহাম গাজী ও ওয়াদুদ মাহমুদ চৌধুরী।

তবে একই ঘটনাকে কেন্দ্র করে এর আগে এনসিপিও ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। দলটির দাবি, ২৮ জুলাই পদযাত্রা ও পথসভা শেষে সার্কিট হাউসে ফেরার পথে ছাত্রদলের হামলায় সারজিস আলমসহ অন্তত ১৫ নেতাকর্মী আহত হন। হামলায় এনসিপির এক কর্মীর একটি চোখ নষ্ট হয়ে যায় বলেও দাবি করা হয়। একই ঘটনায় কয়েকটি সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুরের অভিযোগও করেছে দলটি।

এনসিপির ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নাসীরুদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম নিরাপত্তার জন্য থানার পাশের সোনালী ব্যাংকে আশ্রয় নেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায় এবং রাতেই পুলিশি পাহারায় মৌলভীবাজারে পৌঁছে দেয়।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে থানার উপপরিদর্শক (এসআই) ধ্রুবেশ চক্রবর্তী গণমাধ্যমকে জানিয়েছেন, ছাত্রদলের এক নেতা বাদী হয়ে এনসিপির নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD